ছবি সংগ্রহিত
তেলের সংকটের কারণে মেহেন্দিগঞ্জের পাতারহাট থেকে বরিশাল (তালতলী) রুটে স্পিডবোট চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এতে এই রুটে নিয়মিত যাতায়াত করা যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
স্পিডবোট চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাতারহাট লঞ্চঘাট এলাকায় দুটি দোকানে পেট্রোল ও অকটেন মজুত রাখা হতো। সেখান থেকেই তেল সংগ্রহ করে প্রতিদিন স্পিডবোট চালাতেন চালকরা। কিন্তু হঠাৎ করে ওই দোকানগুলোতে তেলের মজুত শেষ হয়ে যাওয়ায় বর্তমানে তারা তেল সংগ্রহ করতে পারছেন না। ফলে বাধ্য হয়ে অধিকাংশ স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে।
তবে কিছু স্পিডবোটে আগে থেকে সামান্য তেল মজুত থাকায় সেগুলো সীমিতভাবে চালানো হচ্ছে। বিশেষ করে রোগী পারাপার বা জরুরি প্রয়োজনের ক্ষেত্রে কয়েকটি বোট চলাচল করছে বলে জানান চালকরা।
এদিকে তেল বিক্রেতারা জানিয়েছেন, তারা বরিশালের যে ডিপো বা দোকান থেকে তেল সংগ্রহ করে এনে বিক্রি করেন, সেখান থেকেও বর্তমানে তেল পাওয়া যাচ্ছে না। এ কারণেই স্থানীয়ভাবে তেলের সংকট তৈরি হয়েছে।
কবে নাগাদ এ সংকট কাটবে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে সামনে ঈদকে কেন্দ্র করে যদি এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হয়, তাহলে পাতারহাট–বরিশাল রুটে চলাচলকারী সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
