মেহেন্দিগঞ্জে ঝুঁকিপূর্ণ ‘বুড়ির পোল’ তিন যুগেও হয়নি সংস্কার-ঝুঁকিতে হাজারো মানুষ

লেখক: আই-কে ইমরান খান
প্রকাশ: ২ সপ্তাহ আগে

৩০০ দোকানের বাজারের একমাত্র সংযোগ সেতু এখন চলাচলের অযোগ্য।

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের পূর্ব রাজাপুর গ্রামের গুরুত্বপূর্ণ সংযোগ সেতু ‘বুড়ির পোল’ বর্তমানে ভেঙে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যে কোনো সময় এখানে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা—এমন আশঙ্কায় দিন পার করছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, আয়রন নির্মিত এই ব্রিজটি ১৯৯৬ সালে তৎকালীন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য শাহ আবুল হোসেন এর সময়ে নির্মাণ করা হয়। নির্মাণের পর দীর্ঘ প্রায় তিন দশকেও কোনো সংস্কার না হওয়ায় ব্রিজটি এখন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

বর্তমানে ব্রিজের বিভিন্ন স্থানে বাউন্ডারি পিলার ভেঙে পড়েছে এবং মাঝখানের অংশে পলেস্তারা খসে রড বের হয়ে গেছে। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন এলাকাবাসী।

‘বুড়ির পোল’ বুড়ির বাজারের প্রধান সংযোগ সেতু হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। বাজারটিতে প্রায় ৩০০টিরও বেশি দোকান রয়েছে, ফলে প্রতিদিন শত শত মানুষ এই ব্রিজ দিয়ে যাতায়াত করেন।

স্থানীয়দের ভাষ্যমতে, বহু বছর আগে এখানে এক বৃদ্ধা (বুড়ি) বসবাস করতেন। তখন একটি ছোট খালের উপর তিনি নিজ উদ্যোগে একটি সাঁকো নির্মাণ করেন। পরবর্তীতে খালটি বড় হলে আশপাশে বসতি ও বাজার গড়ে ওঠে। ওই বৃদ্ধার মৃত্যুর কয়েক বছর পর এই স্থানে স্থায়ী ব্রিজ নির্মাণ করা হয়। সেই থেকেই এলাকাটির নামকরণ হয় ‘বুড়ির পোল’ ও ‘বুড়ির বাজার’।

বর্তমানে জরাজীর্ণ এই ব্রিজটি দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণ না করা হলে যেকোনো সময় প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।