তুচ্ছ বিরোধের জেরে হামলা—গুরুতর আহত সাংগঠনিক সম্পাদক হিমেল, হাসপাতালে চিকিৎসাধীন
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নে ছাত্রদলের এক নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে একই সংগঠনের সাধারণ সম্পাদকের ভাইদের বিরুদ্ধে।
দক্ষিণ উলানিয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিমেল তালুকদারকে (২৫) ছুরিকাঘাত করে গুরুতর জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে তিনি মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত হিমেল তালুকদার জানান, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইভান হাওলাদারের বড় ভাই ইমরান হাওলাদারের সঙ্গে পূর্বের একটি তুচ্ছ বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। তার অভিযোগ, হত্যার উদ্দেশ্যে প্রকাশ্যে তাকে ছুরিকাঘাত করেন ইমরান হাওলাদার ও তার প্রবাসী ভাই ইমন হাওলাদার, যিনি বর্তমানে এলাকায় অবস্থান করছেন। এ সময় তাদের সঙ্গে ইমনের মামা ও স্থানীয় স্টেশনারি দোকানদার মফিজও হামলায় অংশ নেন।
ঘটনাটি ঘটে ২৬ মার্চ বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উলানিয়া হোন্ডা স্ট্যান্ড এলাকায়।
হিমেল জানান, প্রতিদিনের মতো তিনি বাজারে অবস্থান করছিলেন। হঠাৎ করে তার ওপর হামলা চালানো হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত হিমেল তালুকদার স্থানীয় বিএনপি নেতা সিরাজুল ইসলাম তালুকদারের ছেলে।
এ বিষয়ে হিমেলের মা অভিযোগ করে বলেন, তার স্বামী দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থেকে নানা ত্যাগ স্বীকার করেছেন। অথচ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তার ছেলেকে রক্তাক্ত হতে হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
তিনি আরও দাবি করেন, অভিযুক্তদের পরিবারের কয়েকজন সদস্য অতীতে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং রাজনৈতিকভাবে সুবিধা নিয়েছেন।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে আহতের পরিবার।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইমরান, ইমন ও ইভান হাওলাদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায় এবং কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে একটি সূত্র জানিয়েছে, বিষয়টি দলীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে।
