রাজধানীর সদরঘাটে সংঘটিত মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনায় নিহত মেহেন্দিগঞ্জের সোহেল ফকিরের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জানিয়েছেন জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ।

নিহত সোহেল ও ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী।
জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. সাইফুর রহমানের নেতৃত্বে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মহিউদ্দিন, উপজেলা সেক্রেটারী মাওলানা সাইফুল্লাহ, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রিয়াজ উদ্দিন এবং চানপুর ইউনিয়ন আমীর মাওলানা ইব্রাহীম খলিলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ নিহত সোহেল ফকিরের কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। একই সঙ্গে দুর্ঘটনায় নিহত তার পিতা মিরাজ ফকিরের রুহের মাগফিরাত কামনাও করা হয়।
উল্লেখ্য, গত বুধবার ঢাকা থেকে মেহেন্দিগঞ্জে ফেরার পথে সদরঘাট এলাকায় একটি লঞ্চ দুর্ঘটনায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন সোহেল ফকির। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মিডফোর্ড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই দুর্ঘটনায় তার পিতা মিরাজ ফকির পিষ্ট হয়ে নদীতে পড়ে যান। পরবর্তীতে দুই দিন পর বুড়িগঙ্গা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে গ্রামের বাড়িতে দাফন করা হয়।

সোহেলের বাবা নিহত মিরাজ ফকির।
এই মর্মান্তিক ঘটনায় পরিবারটি একেবারেই নিঃস্ব হয়ে পড়েছে। নিহত সোহেল ফকির রেখে গেছেন তার তিন বোন, বৃদ্ধ মা এবং অন্তঃসত্ত্বা স্ত্রীকে।
এছাড়াও, দুর্ঘটনায় আহত সোহেলের অন্তঃসত্ত্বা স্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে নেতৃবৃন্দ নিহতের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
এসময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস প্রদান করেন
