বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ১০ নং আলিমাবাদ ইউনিয়নের ৯ নং স্বাধীন বাজার এলাকায় সীমা আক্তার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল আনুমানিক ১১টার দিকে স্থানীয়রা রামবাবুর মাছের ঘেরের পাশের একটি বাড়ির বারান্দায় তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত সীমা আক্তারের স্বামী তানজিল দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাসে রয়েছেন। তাদের সংসারে রয়েছে ১০ বছর বয়সী এক ছেলে, ৩ বছর বয়সী এক মেয়ে এবং বৃদ্ধ শ্বশুর-শাশুড়ি।
স্থানীয়দের তথ্যমতে, প্রায় ১২ বছর আগে মাদারীপুর জেলার বাসিন্দা সীমা আক্তারকে প্রেম করে বিয়ে করেন তানজিল। তানজিল প্রায় ৫ থেকে ৭ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান।
এছাড়া কিছুদিন আগে সীমা আক্তারও হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে প্রায় ৭ মাস অবস্থান করে দেশে ফেরেন।
নিহতের শ্বশুর আলী আকবর রাড়ি বিষয়টি নিশ্চিত করেছেন। তার শাশুড়ি পঙ্গু এবং শশুর কানে কম শোনেন বলতে গেলে তারা দুজনই অচল।
তবে কী কারণে এই ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাস্থলে পুলিশ এসে লাশকে ঝুলন্ত অবস্থায় থেকে নিচে নামিয়েছি।
