অবশেষে পরিচয় মিলেছে হিজলায় ট্যাংক থেকে উদ্ধার হওয়া নিহত যুবকের

লেখক:
প্রকাশ: ১ মাস আগে

 

বরিশালের হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নে একটি বিদ্যালয়ের পরিত্যক্ত টয়লেটের ট্যাংকি থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে তার পরিচয় শনাক্ত করা হয়। নিহত যুবকের নাম মনির হোসেন রাড়ী (২২)। তিনি ধুলখোলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম পালপাড়া গ্রামের বাসিন্দা এবং সুলতান রাড়ীর ছেলে।

সোমবার (১৬ মার্চ) সকালে পশ্চিম পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারের একটি পরিত্যক্ত টয়লেটের ট্যাংকির ভেতরে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে হিজলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

প্রথমে মরদেহটির পরিচয় জানা না গেলেও পরে স্থানীয়দের মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত হয়। উদ্ধারকালে তার পরনে একটি জিন্স প্যান্ট ও গেঞ্জি ছিল। এছাড়া মরদেহের ওপর একটি মোবাইল ফোন রাখা অবস্থায় পাওয়া যায় বলে জানা গেছে।

হিজলা থানার ওসি আদিল হোসেন জানান, প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। নিহতের শরীর ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার রহস্য উদঘাটনে সিআইডিকে অবহিত করা হয়েছে।

তিনি আরও বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।