মেহেন্দিগঞ্জের স্বর্ণ ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি, প্রায় ২২ লাখ টাকার মালামাল লুট।

লেখক:
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ৯নং জাঙ্গালিয়া ইউনিয়নের ভোলানাথ গ্রামের বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী রিয়াজ হাওলাদারের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।

চুরির এ ঘটনায় প্রায় ২২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী।

জানা যায়, রিয়াজ হাওলাদার বরিশাল কাউনিয়া থানাধীন বিসিক এলাকার ৫নং ওয়ার্ড পলাশপুর বউবাজারে দক্ষিণ দলিল উদ্দিন স্কুলের পশ্চিম পাশে অবস্থিত তার ব্যবসা প্রতিষ্ঠান “আল মদিনা জুয়েলার্স এন্ড মেহেন্দিগঞ্জ গিন্নি হাউস” প্রতিদিনের মতো ২৫ মার্চ রাত ১০টার দিকে বন্ধ করে বাসায় চলে যান।

পরদিন ২৬ মার্চ সকাল ৭টার দিকে এক পথচারীর মাধ্যমে মোবাইল ফোনে খবর পেয়ে তিনি জানতে পারেন, তার দোকানের শাটার কেটে তালা ভেঙে চুরি সংঘটিত হয়েছে।

দোকান থেকে প্রায় ৩ ভরি ১ আনা স্বর্ণ (মূল্য প্রায় ৭ লাখ ৩৫ হাজার টাকা), ৩৩০ ভরি রুপা (মূল্য প্রায় ১৩ লাখ ২০ হাজার টাকা) এবং নগদ ২ লাখ ১০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি পিকআপ ভ্যানে করে সংঘবদ্ধ চোরচক্র এসে দোকানটি কাপড় দিয়ে ঘিরে ফেলে এবং পরে তালা কেটে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নেয়।

ধারণা করা হচ্ছে, রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর ভুক্তভোগী রিয়াজ হাওলাদার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।