মেহেন্দিগঞ্জ থানা পুলিশের নির্দেশে একটি চৌকস টিম মাদকবিরোধী অভিযান চালিয়ে মেহেন্দিগঞ্জের বিভিন্ন এলাকা থেকে চারজন ১৮ বছরের নিচে শিশু মাদক সেবীকে গ্রেপ্তার করেছে।
তাদের কাছ থেকে মাদক গাঁজা ও সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ছবিতে গ্রেপ্তারকৃতদের মুখ ঢাকা থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক সৃষ্টি হয়েছে। অনেকে কমেন্ট করেছেন, “তারা বড়লোকের ছেলে হওয়ায় ছবি প্রকাশ করা হয়নি,”
আবার কেউ লিখেছেন, “আগে যারা মাদকবিরোধী অভিযানে ধরা পড়েছে , তাদের ছবি চেহারাসহ প্রকাশ করা হয়েছে, তাহলে এই চারজনের ছবি কেন প্রকাশ করা হয়নি?”
তবে বাস্তবতা হলো, ছবিটি কোনো সাংবাদিকের তোলা নয় এবং শিশুদের পরিচয় শিশু আইন, ২০১৩ অনুযায়ী প্রকাশযোগ্য নয়।
কারণ তাদের বয়স ১৮ বছরের নিচে। শিশু আইনের উদ্দেশ্য হলো এই বয়সের সকলকে নিরাপদ রাখা এবং অপরাধের ক্ষেত্রে তাদের সুরক্ষা নিশ্চিত করা।
মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারি সাংবাদিক ফরিদ সিকদার স্পষ্ট করেছেন যে, ছবি শিশু আইনের বিধি মেনে সাংবাদিকদের সরবরাহ করা হয়েছে।
শিশু আইনের কারণে, ১৮ বছরের কম বয়সী ব্যক্তিদের চেহারা প্রকাশ করা হয় না, যাতে তাদের সামাজিক নিরাপত্তা ও পুনর্বাসন নিশ্চিত করা যায়।
প্রকৃত ঘটনা না জেনে সাংবাদিকদের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করা ভুল ও বিভ্রান্তিকর।
