ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের লাইভ কভারেজ করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন চ্যানেল এস-এর সিনিয়র সিটি রিপোর্টার তরিকুল ইসলাম শিবলী (৪০)। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কার্জন হল এলাকায় সংবাদ সংগ্রহের সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সহকর্মীদের বরাতে জানা গেছে, সকাল থেকেই তিনি ডাকসু নির্বাচনের সংবাদ কাভার করছিলেন। দুপুরে লাইভ সম্প্রচারের সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর আনুষ্ঠানিকভাবে মৃত্যুর কারণ জানা যাবে।
তরিকুল ইসলাম শিবলী উত্তরার দিয়াবাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার এতবারপুর গ্রামে। তিনি দুই কন্যাসন্তানের জনক।
অকস্মাৎ এই মৃত্যুর খবরে সহকর্মী সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। চ্যানেল এস কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
