দৈনিক কালবেলার বরিশাল ব্যুরো প্রধান ও প্রেস ক্লাবের সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক আরিফিন তুষার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। অফিসে কাজ করার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আরিফিন তুষারের প্রথম জানাজা মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় বরিশাল সদর রোডের টাউন হলের সামনে অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক খান রুবেল।
মেহেন্দিগঞ্জ উপজেলার আন্দারমানিক ইউনিয়নের বাসিন্দা আরিফিন তুষার মৃত্যুকালে বাবা-মা, স্ত্রী-সন্তানসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি সাংবাদিকতায় যুক্ত ছিলেন এবং একাধিকবার প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন।
তার মৃত্যুর খবরে বরিশালের সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে। হাসপাতালে জড়ো হয়ে সহকর্মীরা কান্নায় ভেঙে পড়েন।
আরিফিন তুষারের মৃত্যুতে শোক জানিয়েছেন দৈনিক কালবেলার প্রকাশক মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, সম্পাদক সন্তোষ শর্মা ও বিভাগীয় প্রধান (অনলাইন) পলাশ মাহমুদ। একইসঙ্গে শোক প্রকাশ করেছেন বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন। তারা মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
