মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবি, নিখোঁজ মেহেন্দিগঞ্জের জেলে আবুল হোসেন

লেখক:
প্রকাশ: ৬ মাস আগে

ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট-সংলগ্ন মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় ১১ জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ সময় ট্রলারে থাকা ১০ জন জেলেকে জীবিত উদ্ধার করা গেলেও একজন নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ জেলের নাম আবুল হোসেন (৪০)। তিনি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের দক্ষিণ উলানিয়া গ্রামের নজরুল সিপাহির ছেলে।

শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মাছ ধরার ওপর ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে তারা নদীতে মাছ ধরতে নামেন বলে জানা গেছে।

ভোলা সদর নৌথানা পুলিশের (ইলিশা) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান,

> “মেঘনায় এমএমপি নামের একটি বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। ১১ জন জেলের মধ্যে ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে মেহেন্দিগঞ্জের জেলে আবুল হোসেন এখনো নিখোঁজ। ঘাতক বাল্কহেডটি জব্দ করা হয়েছে। নিখোঁজ জেলের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”