বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা এলাকায় মোটরসাইকেল চুরির অভিযোগে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম জিহাদুল ইসলাম খান, যিনি জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ৯টার দিকে পৌরসভার বদরপুর এলাকায় সোহেল তালুকদারের বাড়ির আঙিনায় একটি ভাড়ায় চালিত মোটরসাইকেল তালাবদ্ধ অবস্থায় রাখা ছিল। মোটরসাইকেলটির মালিক তানভির ইসলাম। রাত প্রায় ১টার দিকে মোটরসাইকেলটি নিয়ে পালানোর চেষ্টা করলে টহলরত পুলিশের নজরে আসেন জিহাদুল ইসলাম।
পরে পুলিশ তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে তার বক্তব্যে অসংগতি লক্ষ্য করা যায়। সন্দেহ হলে মোটরসাইকেলের মালিককে ডাকা হয়। তিনি এসে নিশ্চিত করেন, তালা ভেঙে মোটরসাইকেলটি নেওয়ার চেষ্টা করা হয়েছিল। এ ঘটনায় রবিবার একটি মামলা দায়ের করা হয় এবং অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মোটরসাইকেলের মালিক তানভির ইসলাম জানান, ঋণ নিয়ে তিনি মোটরসাইকেলটি কিনেছেন এবং ভাড়ায় চালিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করেন। তিনি বলেন, মোটরসাইকেলটি হারিয়ে গেলে তার পরিবার চরম বিপদের মুখে পড়ত। পুলিশের দ্রুত পদক্ষেপে গাড়িটি উদ্ধার হওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সুষ্ঠু বিচার দাবি করেন।
এ বিষয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা বলেন, অভিযুক্ত ব্যক্তি ছাত্রদলের পদে থাকলেও তার বিরুদ্ধে পূর্ব থেকেই বিভিন্ন অভিযোগ ছিল। দলীয়ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, ঘটনাস্থল থেকে হাতেনাতে জিহাদুল ইসলামকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
তথ্যসূত্রে: সাংবাদিক ফরিদ শিকদার
