রাজধানীর সদরঘাট লঞ্চঘাটে ঘটে যাওয়া দুর্ঘটনায় গুরুতর আহত মেহেন্দিগঞ্জের যুবক সোহেলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার মৃত্যুর গুজব। বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, চিকিৎসাধীন অবস্থায় ঢাকার মিটফোর্ড হাসপাতালে তার মৃত্যু হয়েছে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
সোহেল বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চানপুর ইউনিয়নের চরখাগকাটা গ্রামের বাসিন্দা। তিনি মিরাজ ফকিরের ছেলে।
জানা গেছে, বেতন-বোনাস পেয়ে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা থেকে গ্রামের বাড়ি ফিরছিলেন সোহেল। এ সময় সদরঘাটে লঞ্চে উঠতে গিয়ে হঠাৎ চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে প্রশাসনের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
এদিকে, একই দুর্ঘটনায় সোহেলের বাবা মিরাজ ফকির এখনো নিখোঁজ রয়েছেন। তার খোঁজে পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। এছাড়া সোহেলের স্ত্রীও আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ঘটনার পর থেকেই সোহেলের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যুর খবরে স্বজনদের মধ্যে বাড়ছে উৎকণ্ঠা ও বিভ্রান্তি।
