মেহেন্দিগঞ্জের তরিকুল ইসলাম তানজিম ৪৮ তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

লেখক:
প্রকাশ: ১ মাস আগে

মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান তরিকুল ইসলাম তানজিম ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সহকারী সার্জন হিসেবে সুপারিশপ্রাপ্ত।

 

 

মেহেন্দিগঞ্জ, বরিশাল প্রতিনিধি:

মেহেন্দিগঞ্জ উপজেলার কৃতি সন্তান তরিকুল ইসলাম তানজিম ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সহকারী সার্জন হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। বর্তমানে তিনি মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। এ সাফল্যে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে আনন্দের আমেজ বিরাজ করছে।

তরিকুল ইসলাম তানজিমের জন্ম মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের আশা গ্রামে। তাঁর শৈশব কেটেছে উলানিয়ায়। শিক্ষাজীবনের হাতেখড়ি ক্যাসিনি কিন্ডারগার্টেন স্কুলে। পরবর্তীতে তিনি উত্তর পূর্বষট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন। এ সময় বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষক আবুল কালাম বাবুল স্যারের অনুপ্রেরণা ও দিকনির্দেশনা তাঁর শিক্ষাজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এরপর তিনি উলানিয়া করোনেশন মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেন। নবম শ্রেণীতে ভর্তি হন মাইলস্টোন স্কুল এন্ড কলেজ-এ। মাধ্যমিক (SSC) ও উচ্চ মাধ্যমিক (HSC) উভয় পরীক্ষায় তিনি জিপিএ ৫.০০ অর্জন করেন।

পরবর্তীতে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ-এ ভর্তি হওয়ার সুযোগ পান। সেখান থেকে ২০২২ সালে এমবিবিএস (MBBS) ডিগ্রি অর্জন করেন। পরে ২০২৫ সালে ৪৮তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী সার্জন পদে সুপারিশপ্রাপ্ত হন এবং বর্তমানে নিজ উপজেলায় কর্মরত রয়েছেন।

নিজ এলাকায় মানুষের সেবায় নিয়োজিত থাকতে পেরে তিনি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করেন। ভবিষ্যতেও সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় অবদান রাখতে চান বলে জানান তিনি।

স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, তরিকুল ইসলাম তানজিমের মতো মেধাবী ও মানবিক চিকিৎসক মেহেন্দিগঞ্জের স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আনবেন।