মেহেন্দিগঞ্জে ঝাটকা ধরার দায়ে ৩টি রাক্ষুসে বেহুন্দি জাল জব্দ, মাছ নদীতে অবমুক্ত

লেখক:
প্রকাশ: ১ মাস আগে

বরিশালের মেহেন্দিগঞ্জে দুই মাসের ঝাটকা ইলিশ সংরক্ষণ অভিযানের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে ৩টি রাক্ষুসে বেহুন্দি জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা জালে থাকা মাছ নদীতে অবমুক্ত করা হয় এবং জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

মঙ্গলবার মেঘনা নদীর মোহনা এলাকায় অভিযান পরিচালনা করেন মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা ওমর সানির নির্দেশনায় মৎস্য অফিসের একটি টিম। এ সময় মৎস্য অফিসের সহকারী জাহিদ হাসান এবং মেহেন্দিগঞ্জ কোস্টগার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে প্রায় ৩টি রাক্ষুসে বেহুন্দি জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা। জব্দ করা জালে থাকা ঝাটকা ইলিশ, পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতির মাছ নদীতে অবমুক্ত করে দেওয়া হয় এবং জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সারাদিন উপজেলার বিভিন্ন ইউনিয়নের নদীতে ঝাটকা নিধনবিরোধী অভিযান পরিচালনা করা হয় বলে জানা গেছে।
মেহেন্দিগঞ্জ মৎস্য অফিসের সহকারী জাহিদ হাসান জানান, “ঝাটকা ইলিশ রক্ষায় সরকারের দুই মাসের অভিযান চলমান রয়েছে এবং এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”