
বরিশালের হিজলায় মেঘনা নদীর পাড় থেকে অজ্ঞাতনামা এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল রোববার গভীর রাতে বড়জালিয়া ইউনিয়নের শান্তির বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। হিজলা নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহজাদা বিষয়টি নিশ্চিত করেছেন।
নৌ পুলিশ জানায়, রাতে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে তাঁরা মেঘনা নদীতে নিয়মিত টহল দিচ্ছিলেন। রাত টোর দিকে শান্তির বাজার এলাকায় নদীর পাড়ে লাশ দেখতে পেয়ে তা উদ্ধার করা হয়। পরে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী মো. জালাল রাড়ী জানান, রাত ১২টার দিকে তিনি ও তার ছেলে মাছ শিকার শেষে নদীর ঘাটে ফিরছিলেন। এ সময় নদীর বাঁধের বস্তার ওপর একজন লোককে বসে থাকতে দেখেন। টর্চলাইটের আলো ফেললে দেখতে পান ওই ব্যক্তির গলা দিয়ে প্রচুর রক্ত ঝরছে। এ দৃশ্য দেখে তিনি অচেতন হয়ে পড়েন। পরে কী হয়েছে, সে সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি। ওই সময় যুবকটি জীবিত ছিল বলে তার ধারণা।
এসআই শাহজাদা বলেন, নদীর পাড়ে পাওয়া যুবকের বয়স আনুমানিক ৩০-৩১ বছর। তাঁর গলাকাটা এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা লাশটি নদীর পাড়ে ফেলে দিয়েছে।
পরিচয় শনাক্তে নৌ পুলিশ বিভিন্ন থানা ও এলাকায় লাশের ছবি পাঠিয়েছে। এ ছাড়া সোমবার সকালে বরিশাল থেকে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং লাশের নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করেছেন।