মেহেন্দিগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষের জেরে ছুরিকাঘাত, আহত ২

লেখক: আই-কে ইমরান খান
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, উভয় পক্ষের দুজন হাসপাতালে। 

 

দুইদিন আগে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট মারামারির জের ধরে আজ ২৮ মার্চ পুনরায় চরএককরিয়া ইউনিয়নের উত্তরচর এলাকায় মারামারির ঘটনা ঘটেছে। এতে বেলাল সরদার নামে ৪২ বছরের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। বর্তমানে তিনি মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন রয়েছেন।

 

আহত বেলাল সরদার এর ছেলে আরমান বলেন, ‘দুদিন আগে ফুটবল খেলাকে কেন্দ্র করে, দুই দলের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে স্থানীয় কসমেটিক দোকানদার শাহীনের ছোট ভাই সুমন মারধরের স্বীকার হয় বলে জানা গেছে।পরবর্তীতে বিষয়টি নিয়ে স্থানীয়রা মীমাংসা করে দেওয়ার আশ্বাস দিয়েছে। ’

 

আরমানের দাবী, স্থানীয়ভাবে মীমাংসার বিষয়টি তোয়াক্কা না করেই আজ সকালে তাকে মারধরের চেষ্টা করে শাহীন। পরে আরমান এর বাবা বেলাল সরদার বাধা দিতে আসলে শাহীন বেলাল সরদারকে ছুরিকাঘাত করেন। এতে গুরুতর আহত অবস্থায় বেলাল সরদারকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। এঘটনায় তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের উপযুক্ত বিচার দাবী করছেন আহত বেলাল সরদার এর ছেলে আরমান।

 

এই ঘটনায় অভিযুক্ত শাহীন নিজেও হাস্পাতালে চিকিৎসাধীন, অভিযোগের ব্যাপারে জানতে চাইলে অস্বীকার করে তিনি বলেন,আলিগঞ্জ বাজারে তার দোকান রয়েছে। দোকানে যাওয়ার পথে আগে নাকি তার উপরেই হামলা করা হয়েছে।

 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত এই ঘটনায় থানায় কোন লিখিত অভিযোগ দেওয়া হয়নি।