হিজলা পিএন মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের ব্যতিক্রমধর্মী ইফতার মাহফিল সম্পন্ন, নতুন কমিটি ঘোষণ
বরিশালের হিজলা উপজেলার ঐতিহ্যবাহী পিএন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ২৯ রমজান (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হয়েছে প্রাক্তন শিক্ষার্থীদের এক ব্যতিক্রমধর্মী ইফতার মাহফিল।
অনুষ্ঠানে “প্রাক্তন স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব হিজলা পিএন মাধ্যমিক বিদ্যালয়”-এর নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাসুদ রানা এবং সাধারণ সম্পাদক হয়েছেন মামুন হোসেন।
প্রায় সাড়ে ৩০০ জন প্রাক্তন ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানটি বিদ্যালয়ের ১০৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়। বিভিন্ন ব্যাচের প্রায় ৫০ জন নারী সদস্যসহ বিপুলসংখ্যক প্রাক্তন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিজানুর রহমান আরজু এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন মনসুর আলম। ইফতার মাহফিলে হামদ-নাত ও গজলের আয়োজন রাখা হয়। এছাড়াও অংশগ্রহণকারীদের মাঝে বিদ্যালয়ের লোগো সংবলিত আইডি কার্ড বিতরণ করা হয়।
বর্তমান ও অবসরপ্রাপ্ত শিক্ষকদেরও সম্মানের সঙ্গে আমন্ত্রণ জানানো হয়, যা প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা।
উল্লেখ্য, ১৯১৮ সালে স্থানীয় শিক্ষা অনুরাগী প্রফুল্ল নাথ সাহেবের উদ্যোগে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি “প্রফুল্ল নাথ মাধ্যমিক বিদ্যালয়” নামে পরিচিতি লাভ করে, যা সংক্ষেপে পিএন মাধ্যমিক বিদ্যালয় নামে সুপরিচিত।
