সূর্যমুখী ফুলের সৌন্দর্যে বিমোহিত দর্শনার্থীরা।

লেখক:
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ১০ নং আলিমাবাদ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সেলিমাবাদ গ্রামে এক ব্যতিক্রমী দৃশ্যের সৃষ্টি হয়েছে। মুনসুর ডাক্তারের বাড়ির সংলগ্ন এলাকায় স্থানীয় বাসিন্দা মকবুল হোসেন প্রায় ৩ থেকে ৪ গন্ডা জমিতে সূর্যমুখী ফুলের চাষ করেছেন, যা এখন এলাকাবাসী ও দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে বাড়ি ফেরা মানুষ প্রতিদিন ভিড় জমাচ্ছেন এই বাগানে। কেউ তুলছেন ছবি, কেউ ভিডিও করছেন, আবার কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে রিলস তৈরি করছেন। অনেকেই প্রিয়জনদের সঙ্গে ভিডিও কলে এই মনোরম দৃশ্য শেয়ার করছেন।

রাস্তার পাশেই অবস্থিত হওয়ায় সহজেই চোখে পড়ে এই হলুদে মোড়া বাগান। প্রাকৃতিক এই সৌন্দর্য উপভোগ করতে দূর-দূরান্ত থেকেও দর্শনার্থীরা ছুটে আসছেন সেলিমাবাদে।

চাষি মকবুল হোসেন জানান, তিনি মূলত শখের বসেই সূর্যমুখীর চাষ শুরু করেন। তবে বর্তমানে মানুষের এমন আগ্রহ ও উপস্থিতি তাকে আনন্দিত করছে। তিনি সকল দর্শনার্থীর প্রতি অনুরোধ জানিয়েছেন, যেন কেউ বাগানের ফুল বা ফসল নষ্ট না করেন।

স্থানীয়দের মতে, এমন উদ্যোগ এলাকায় সৌন্দর্য বৃদ্ধি ও ইতিবাচক পরিবেশ তৈরি করছে, যা ভবিষ্যতে পর্যটনের সম্ভাবনাও তৈরি করতে পারে।