
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী শুক্রবার, ৬ ফেব্রুয়ারি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় সফরে যাচ্ছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এক জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এই জনসভা অনুষ্ঠিত হবে উপজেলার ঐতিহাসিক সরকারি পাতারহাট আর.সি কলেজ মাঠে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার সকাল ৯টা থেকে সমাবেশ শুরু হবে। ইতোমধ্যে সভামঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সমাবেশস্থল ও আশপাশের প্রায় দুই কিলোমিটার এলাকায় মাইক স্থাপন করা হয়েছে এবং ব্যানার–ফেস্টুনে এলাকা সাজানো হয়েছে।
জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছে, দক্ষিণাঞ্চলের ভোটারদের কাছে আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা তুলে ধরা এবং স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় করাই এই সফরের মূল উদ্দেশ্য।
দলীয় সূত্র জানায়, বরিশাল জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী কয়েকটি জেলা থেকে নেতাকর্মীরা এই জনসভায় অংশ নেবেন। একই সঙ্গে বরিশাল জেলায় ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থীরাও সমাবেশে উপস্থিত থাকার কথা রয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমির ও
বরিশাল–৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আব্দুল জব্বার জানান, ডা. শফিকুর রহমান হেলিকপ্টারযোগে মেহেন্দিগঞ্জে পৌঁছে সকাল সাড়ে ৯টায় জনসভায় বক্তব্য দেবেন।
তিনি বলেন, “ডা. শফিকুর রহমানের এই সফর আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। আমরা আশা করছি লক্ষাধিক মানুষের সমাগম হবে।”
সংবাদ সম্মেলনে অধ্যাপক আব্দুল জব্বার আরও বলেন, জামায়াতে ইসলামী একটি মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখে, যেখানে ফ্যাসিবাদ ও একনায়কতন্ত্র থাকবে না এবং সবাই সমান অধিকার নিয়ে বসবাস করবে। একই সঙ্গে সমাবেশকে কেন্দ্র করে সম্ভাব্য জনভোগান্তির জন্য আগাম দুঃখ প্রকাশ করেন তিনি।
মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির শহিদুল ইসলাম বলেন, দলের শীর্ষ নেতার আগমনকে ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা দেখা যাচ্ছে। তার ভাষায়, “শুক্রবারের সমাবেশ জনসমুদ্রে রূপ নেবে।”
একাধিক সূত্রে জানা গেছে, প্রথমে এই জনসভা বরিশাল শহরে আয়োজনের পরিকল্পনা থাকলেও পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করে মেহেন্দিগঞ্জে আয়োজন করা হয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বরিশাল–৫ (সদর) আসনে জামায়াতে ইসলামীর কোনো মনোনীত প্রার্থী না থাকায় দলটি বরিশাল–৪ আসনকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। সেই কৌশলের অংশ হিসেবেই ১১ দলীয় জোটের প্রার্থী অধ্যাপক আব্দুল জব্বারের পক্ষে জনমত গঠনে মেহেন্দিগঞ্জে এই সমাবেশ আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, প্রায় ৩০ বছর পর বরিশাল–৪ আসনে দাড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছে জামায়াতে ইসলামী। এর আগে সর্বশেষ ১৯৯৬ সালে এই আসনে প্রার্থী দিয়েছিল দলটি।
স্থানীয় নেতাকর্মীদের ধারণা, জামায়াতে ইসলামীর আমিরের এই সফর নেতাকর্মীদের চাঙ্গা করার পাশাপাশি আসন্ন নির্বাচনে বরিশাল–৪ আসনে দলের পক্ষে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।