
মহিমান্বিত শবে বরাত আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পালিত হচ্ছে। হিজরি সনের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত এই রাতটি মুসলমানদের কাছে বিশেষ মর্যাদাপূর্ণ। ধর্মপ্রাণদের বিশ্বাস অনুযায়ী, এ রাত আল্লাহর রহমত, মাগফিরাত ও নাজাত লাভের এক অনন্য সুযোগ।
এই পবিত্র রাতে মুসলমানরা নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির-আসকার ও দোয়া-মোনাজাতে নিজেদের নিয়োজিত রাখেন। অতীত জীবনের ভুল-ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনার পাশাপাশি ভবিষ্যৎ জীবনের শান্তি ও কল্যাণ কামনা করেন তারা। ইসলামি বিশ্বাস মতে, এই রাতে মানুষের আগামী এক বছরের হায়াত, রিজিক ও আমলের ফয়সালা নির্ধারিত হয়।
শবে বরাত উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানরা ইবাদত-বন্দেগিতে মশগুল থাকেন। অনেকেই মসজিদে মিলাদ মাহফিল আয়োজন করেন এবং কেউ কেউ মৃত স্বজনদের কবর জিয়ারতের মাধ্যমে দোয়া করেন।
পবিত্র শবে বরাত উপলক্ষে আগামী বুধবার (৪ ফেব্রুয়ারি) দেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এদিন সরকারি অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
এছাড়া শবে বরাতকে পবিত্র রমজান মাসের আগমনী বার্তা হিসেবেও দেখা হয়। শাবান মাসের পরই আসে সিয়াম সাধনার মাস রমজান। ফলে এই রাত থেকেই অনেক মুসলমান রমজানের প্রস্তুতি শুরু করে থাকেন।