শ্রীপুরে কয়েক দিনের ব্যবধানে একই এলাকায় ১০ চুরি, আতঙ্কে এলাকাবাসী

লেখক:
প্রকাশ: ১ মাস আগে

মেহেন্দিগঞ্জ উপজেলার ১৪ নং শ্রীপুর ইউনিয়নে সাম্প্রতিক সময়ে চুরির ঘটনা বেড়ে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

গত কয়েকদিনে একের পর এক চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে চিন্তায় পড়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই দিন আগে মকবুল আকনের আনন্দবাজারের একটি দোকান থেকে দিনের বেলায় চাল চুরি হয়ে যায়।

এর একদিন আগে একটি ঝাকি জাল চুরি হয়, যার বাজার মূল্য প্রায় ৩ হাজার টাকা বলে জানা গেছে। পরে সেটি ৪০০ টাকা বিক্রির অভিযোগ পাওয়া গেছে।

এছাড়া মহিষমারী এলাকার একটি বোট থেকে প্রায় ২৫ হাজার টাকা মূল্যের একটি ব্যাটারি চুরির অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

কয়েকদিন আগে চড়বগী এলাকার এরব দাখিল মাদ্রাসার পেছনের একটি বাড়ি থেকে গ্যাস সিলিন্ডারসহ রান্নার চুলা চুরি হয়েছে বলে স্থানীয়রা জানান।

এর আগেও কাঠের আড়ত  আবুলের বাড়ি থেকে একটি গৃহস্থালির কাজে ব্যবহৃত একটি কুড়াল চুরি হওয়ার ঘটনা ঘটেছে।

এরপরে মাইলোন শেখ এর ঘর চুরির ও অভিযোগ উঠেছে।

অন্যদিকে এক ব্যক্তি জানান, তার কবুতরের ঘর থেকে কয়েকটি কবুতর চুরি হয়েছে।

স্থানীয়দের দাবি, এসব ঘটনাই শ্রীপুর ইউনিয়নের বাহেরচর গ্রামে ঘটেছে।

উল্লেখ্য, কিছুদিন আগে একই এলাকায় প্রায় ৮ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি স্টিল বডির ট্রলার চুরি হওয়ার ঘটনা ঘটেছিল। পরে সেটি উদ্ধার করা সম্ভব হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

এলাকাবাসীর অভিযোগ, এলাকার কিছু নেশাগ্রস্ত যুবক নেশার টাকা জোগাড় করতে এসব বিচ্ছিন্ন চুরির ঘটনা ঘটাচ্ছে।
তাদের দাবি, শ্রীপুর ইউনিয়নে মাদক সেবন ও মাদক ব্যবসা দিন দিন বেড়ে যাচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি বিচারের নামে অর্থ লেনদেন করেন বলে অভিযোগ রয়েছে।

ফলে প্রকৃত অপরাধীরা অনেক সময় পার পেয়ে যায় বলেও স্থানীয়দের মধ্যে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, চুরি ও মাদকের বিস্তার রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।