জিয়াউল রোশান ও রুকাইয়া জাহান চমক। ছবি: সংগৃহীত
ভালোবাসার অনুভূতি আর হৃদয়ের গভীর আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নতুন মিউজিক্যাল ফিল্ম ‘প্রেমের গল্প’। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে এই কাজটি। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা ও শেইখ লিমন।
গানটির কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন আভরাল শাইর। মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সুনামগঞ্জের নিলাদ্রী ও তাহিরপুরের বিভিন্ন লোকেশনে গানটির ভিডিও ধারণ করা হয়েছে। গল্পভিত্তিক এই মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছেন পরিচালক মাহিন আওলাদ।
ভিডিওটিতে প্রেমের রসায়নে দেখা যাবে চিত্রনায়ক জিয়াউল রোশান এবং মডেল-অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে।
কাজটি নিয়ে বেশ আশাবাদী রোশান। তিনি জানান, গানটি শোনার পরই তার ভালো লেগেছে এবং ভিডিওর পরিকল্পনাও তাকে আকৃষ্ট করেছে। এই প্রজেক্টে তার চরিত্রটি কিছুটা ভিন্ন ধরনের হওয়ায় নিজের লুকেও পরিবর্তন আনতে হয়েছে বলে জানান তিনি। দর্শক তাকে নতুনভাবে দেখবেন বলেও আশা প্রকাশ করেন এই অভিনেতা।
অন্যদিকে চমক বলেন, গানের গল্পের সঙ্গে মিল রেখে পরিচালক সুন্দরভাবে ভিডিওটি নির্মাণ করেছেন। তার চরিত্রটি আগের কাজগুলোর তুলনায় আলাদা এবং কিছুটা চ্যালেঞ্জিং ছিল। পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টায় কাজটি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।
গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে কণ্ঠশিল্পী কণা বলেন, আভরাল শাইরের সুর ও সংগীতে গানটি দারুণ হয়েছে এবং এটি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে বলে তিনি বিশ্বাস করেন।
সান প্রোডাকশন হাউজ থেকে নির্মিত এই মিউজিক্যাল ফিল্মটি ঈদের দিন সন্ধ্যায় তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।
