
মেডিকেল অফিসার পদে সুপারিশপ্রাপ্ত হয়ে নিজ উপজেলায় মানবিক ও দক্ষ চিকিৎসাসেবার দ্যুতি ছড়াচ্ছেন মেহেন্দিগঞ্জ উপজেলার কৃতি সন্তান ডা. মুহা. মুজাহিদুল ইসলাম।
৪৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ডা. মুজাহিদ গত ১৮ ফেব্রুয়ারি মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন। পেশাগত জীবনের শুরু থেকেই তিনি রোগীদের অত্যন্ত দক্ষতা, আন্তরিকতা ও মানবিকতার সঙ্গে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন।
যোগদানের পর থেকেই তার নম্র আচরণ, দায়িত্বশীলতা ও সাবলীল বাচনভঙ্গি সেবা নিতে আসা রোগীদের মুগ্ধ করেছে। বর্তমানে তিনি মেডিসিন, মা ও শিশু এবং চর্মরোগ বিষয়ে চিকিৎসাসেবা প্রদান করছেন। নিয়মিতভাবে স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের ১ নম্বর কক্ষে তিনি রোগী দেখছেন।
ডা. মুহা. মুজাহিদুল ইসলাম মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নের রামনাথপুর গ্রামের বাসিন্দা। তার পিতা মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম পাতারহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক।
শিক্ষাজীবনে তিনি ২০১৫ সালে পাতারহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে দাখিল এবং ২০১৭ সালে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হন। পরবর্তীতে চিকিৎসক হওয়ার স্বপ্নে ভর্তি হন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ-এ এবং সেখান থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।
এরপর ৪৮তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়ে স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন তিনি। পেশাগত জীবনের প্রথম কর্মস্থল হিসেবে নিজ জন্মভূমি মেহেন্দিগঞ্জেই নিয়োগ পাওয়া ডা. মুজাহিদ বিষয়টিকে নিজের জন্য গর্বের বলে মনে করছেন।
এ প্রসঙ্গে তিনি দ্য ডেইলি মেহেন্দিগঞ্জ-কে বলেন,
“মানবিকতা ও পেশাগত দক্ষতার সমন্বয়ে রোগীদের আস্থা অর্জন এবং নিজ জন্মভূমির মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার পেশাগত জীবনের মূল লক্ষ্য।”
নিজ উপজেলার মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসাসেবা দেওয়াকে গৌরবের চোখে দেখছেন মেহেন্দিগঞ্জের সচেতন মহল। সাধারণ মানুষের প্রত্যাশা—এই তরুণ চিকিৎসক ভবিষ্যতেও মেহেন্দিগঞ্জবাসীর নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।