
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংবাদ সংগ্রহের পেশাগত দায়িত্ব পালনকারী সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার সংক্রান্ত জটিলতা নিরসনে ম্যানুয়ালি কার্ড ইস্যু করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
ম্যানুয়ালি কার্ড ইস্যুর প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে খুব শিগগিরই বিস্তারিত জানানো হবে। যারা ইতোমধ্যে অনলাইনে আবেদন করেছেন, তারা আবেদন করেছেন বলেই গণ্য হবে। তবে যারা অনলাইনে আবেদন করেননি, তাদের আর অনলাইনে আবেদন করার প্রয়োজন নেই। তারা সশরীরে নির্বাচন ভবনে উপস্থিত হয়ে কার্ড ইস্যু করতে পারবেন।
এর আগে, নির্বাচনি দায়িত্ব পালনকারী সাংবাদিকদের জন্য সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার পেতে অনলাইনে আবেদনের আহ্বান জানায় নির্বাচন কমিশন। তবে সাংবাদিকদের পক্ষ থেকে অভিযোগ ওঠে, এই অনলাইন প্রক্রিয়াটি ইউজার ফ্রেন্ডলি নয়। বিষয়টি নিয়ে সমালোচনার মুখে পড়লে দ্রুত সমাধানের আশ্বাস দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
এদিকে, আগামী রোববার (১ ফেব্রুয়ারি) এর মধ্যে সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার সংক্রান্ত জটিলতা নিরসনের জন্য নির্বাচন কমিশনকে আলটিমেটাম দেন সাংবাদিক নেতারা। এর পরিপ্রেক্ষিতেই অনলাইনে কার্ড ইস্যুর সিদ্ধান্ত থেকে সরে এসে ম্যানুয়ালি কার্ড ইস্যুর পথে হাঁটলো নির্বাচন কমিশন।