মেহেন্দিগঞ্জে তিন গ্রামবাসীর মানববন্ধন: দ্রুত খাল খননের দাবি
মেহেন্দিগঞ্জ, বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জ পৌর এলাকায় একটি গুরুত্বপূর্ণ খাল পুনঃখননের দাবিতে সরব হয়েছেন তিন গ্রামের কয়েক শ’ মানুষ। শনিবার সকাল ১০টায় তেঁতুলতলা ব্রিজের সামনে আয়োজিত এক মানববন্ধনে কালিকাপুর, অম্বিকাপুর ও দুর্গাপুর গ্রামের ভুক্তভোগীরা অংশগ্রহণ করেন।
বক্তাদের অভিযোগ, পাঁচনি ঘাট ব্রিজ সংলগ্ন এই খালটি দীর্ঘ দিন ধরে ভরাট হয়ে থাকায় সেচ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। শুষ্ক মৌসুমে পানি সংকটে চাষাবাদ ব্যাহত হচ্ছে, আর বর্ষায় পানি নিষ্কাশন না হওয়ায় সৃষ্টি হচ্ছে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা। এতে ফসলের ব্যাপক ক্ষতির পাশাপাশি জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। দ্রুত খালটি খনন করে কৃষি ও কৃষকের ভাগ্য উন্নয়নে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
