মেহেন্দিগঞ্জে নানার বাড়ির পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

লেখক: IK IMRAN KHAN
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

 

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় নানার বাড়ির পুকুরে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার কাজিরহাট থানার আন্ধারমানিক ইউনিয়নের ১নং ওয়ার্ডের হারুন ব্যাপারীর বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো— মো. ছাহাদ হোসেন (৫) ও তার ছোট বোন ছাফিয়া আক্তার (৩)। তারা হিজলা উপজেলার বড়জালিয়া গ্রামের প্রবাসী ছাইদুল হাওলাদারের সন্তান।

ঘটনার বিবরণ: স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বাবা ছাইদুল হাওলাদার সৌদি আরব প্রবাসী হওয়ায় তার স্ত্রী দুই সন্তানকে নিয়ে বাবার বাড়ি (আন্ধারমানিক ইউনিয়ন) থাকতেন। বৃহস্পতিবার দুপুরে সন্তানদের খাওয়ানোর পর তাদের মা খাবার খেতে বসেন। ওই সময় ছাহাদ ও ছাফিয়া বাড়ির আঙিনায় খেলা করছিল। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে বাড়ির পেছনের পুকুরে ছাফিয়ার মরদেহ ভেসে উঠতে দেখেন তারা। তাকে উদ্ধার করতে গিয়ে পুকুরের তলদেশ থেকে ভাই ছাহাদকেও অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত তাদের মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

পুলিশের বক্তব্য: এ বিষয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরাফাত জাহান চৌধুরী জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।