ছবি সংগ্রহিত
দেশের ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগের পর এবার সারা দেশের উপজেলা পরিষদগুলোতেও প্রশাসক নিয়োগ দিতে যাচ্ছে সরকার। এরই ধারাবাহিকতায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদেও প্রশাসক নিয়োগ নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেন্দিগঞ্জে প্রশাসক হিসেবে কারা আসতে পারেন—তা নিয়ে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা। সম্ভাব্য তালিকায় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, সাবেক জনপ্রতিনিধি ও প্রভাবশালী ব্যক্তিদের নাম ঘুরে বেড়াচ্ছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয় জানিয়েছে, খুব শিগগিরই উপজেলা পরিষদগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হতে পারে। সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে গতিশীল করা।
এদিকে, মেহেন্দিগঞ্জবাসীর প্রত্যাশা—যোগ্য, অভিজ্ঞ এবং জনগণের কাছে গ্রহণযোগ্য কাউকেই প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হবে, যাতে উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হয়।
উল্লেখ্য, এর আগে গত রোববার (১৫ মার্চ) দেশের ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ঈদের পর পৌরসভাগুলোতেও প্রশাসক নিয়োগ দেওয়া হতে পারে বলে জানা গেছে।
