বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ১০ নং আলিমাবাদ ইউনিয়নের মাঝকাজি বাজারে গভীর রাতে একটি কাপড়ের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।
চোরেরা দোকানের তালা কেটে প্রায় ২ লাখ টাকার মালামাল ও ৬০ হাজার টাকা নগদ নিয়ে পালিয়ে যায়। দোকানের মালিক ইউসুফ দেওয়ান জানান, দোকান থেকে বিয়ের শাড়ি, থ্রি-পিস ও লুঙ্গিসহ বিভিন্ন কাপড় চুরি হয়েছে। এছাড়াও দোকানের ক্যাশে থাকা প্রায় ৬০ হাজার টাকা নিয়ে যায় চোরেরা।
স্থানীয় সূত্রে জানা যায়, মাঝকাজি বাজারের উত্তর মাথায় ইসলামী ব্যাংকের বিপরীত পাশে অবস্থিত ইউসুফ দেওয়ানের কাপড়ের দোকানে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টা ৪০ মিনিটের দিকে এ চুরির ঘটনা ঘটে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত আনুমানিক ২টা ৪০ মিনিটের দিকে তিনজন ব্যক্তি সম্পূর্ণ মুখ ঢেকে রেইনকোট ও হেলমেট পরে দোকানের সামনে আসে। পরে তারা চাইনিজ তালা কাটার যন্ত্র দিয়ে দোকানের তালা কেটে ভেতরে ঢুকে মালামাল ও নগদ টাকা নিয়ে যায়।
এ সময় পাশের অনিকের “নিত্য নতুন ফ্যাশন হাউজ” দোকানের তালাও কেটে শাটার খোলার চেষ্টা করে চোরেরা। তবে দোকানটি ভেতরে গ্লাস দিয়ে আবদ্ধ থাকায় তারা গ্লাস ভাঙতে ব্যর্থ হয় এবং দ্রুত সেখান থেকে সরে যায়।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, গত এক-দুই মাসে বাজারে এ ধরনের চুরির ঘটনা ঘটেনি। তবে কিছুদিন আগে বাজারের পেছনের একটি বাড়ি থেকে দিনের বেলায় একটি মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছিল।
ঘটনার পর বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
