মেহেন্দিগঞ্জের পাতারহাট শিপিং লাইসেন্স কোম্পানির উদ্যোগে আগামী শুক্রবার থেকে ঢাকা–উলানিয়া–কালিগঞ্জ–ইলিশা নৌপথে চলাচল শুরু করছে ৪ তলা আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এমভি দোয়েল পাখি ৮ লঞ্চ।
জানা গেছে, লঞ্চটি প্রতিদিন সকাল ৮টায় ঢাকা থেকে ছেড়ে আসবে। যাত্রীদের আরামদায়ক ভ্রমণের জন্য এতে রাখা হয়েছে আধুনিক বিভিন্ন সুবিধা।
লঞ্চটিতে থাকছে ফ্রি স্টারলিংক ওয়াইফাই, আধুনিক বিজনেস ক্লাস, আরামদায়ক এসি কেবিন সার্ভিসসহ নানা সুবিধা। এছাড়া এই নৌপথে প্রথমবারের মতো মরদেহ বহনের জন্য আলাদা কেবিন রুমের ব্যবস্থাও রাখা হয়েছে, যা যাত্রীদের জন্য একটি ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
আসন্ন ঈদযাত্রাকে সামনে রেখে যাত্রীদের বাড়তি স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে নতুন এই লঞ্চটি যুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এছাড়াও পবিত্র রমজান মাসে মানবিক উদ্যোগ হিসেবে এমভি দোয়েল পাখি ৮ লঞ্চ কর্তৃপক্ষ প্রতিদিন প্রায় ১২০০ মানুষের মাঝে ইফতার বিতরণ করছে বলে জানা গেছে।