রমজানে মানবিক দৃষ্টান্ত: দোয়েল পাখি-১০ লঞ্চে প্রতিদিন ১২০০ যাত্রীকে বিনামূল্যে ইফতার করাচ্ছে পাতারহাট শিপিং লাইসেন্স কোম্পানি
🗞️ নিউজ প্রতিবেদন
পবিত্র মাহে রমজানে ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়েছে পাতারহাট শিপিং লাইসেন্স কোম্পানি। প্রতিষ্ঠানটির পরিচালনাধীন দোয়েল পাখি–১০ লঞ্চে প্রতিদিন প্রায় ১২০০ যাত্রীকে বিনামূল্যে ইফতার করানো হচ্ছে।
লঞ্চ কর্তৃপক্ষ জানায়, রমজান মাসজুড়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে। প্রতিদিন বিকেল থেকে যাত্রীদের জন্য উন্নতমানের ইফতার সামগ্রী প্রস্তুত করে পরিবেশন করা হয়, যাতে যাত্রীরা স্বস্তিতে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে ইফতার করতে পারেন।
জানা গেছে, দোয়েল পাখি–১০ লঞ্চটি ইলিশা থেকে যাত্রা শুরু করে মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ঘাটে যাত্রী ওঠানামা শেষে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। দীর্ঘ নৌযাত্রায় রোজাদার যাত্রীদের কথা বিবেচনা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় লঞ্চ কর্তৃপক্ষ।
যাত্রীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নৌপথে রমজানে এমন ফ্রি ইফতার সত্যিই প্রশংসনীয়। এতে একদিকে যেমন যাত্রার কষ্ট কমে, অন্যদিকে মানবিক মূল্যবোধেরও দৃষ্টান্ত স্থাপিত হয়।
এলাকাবাসী ও যাত্রীরা আশা প্রকাশ করেন, অন্যান্য নৌযান মালিকরাও এমন সামাজিক ও মানবিক উদ্যোগে এগিয়ে আসবেন।