ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল-০৪ আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী ইসহাক মোহাম্মদ আবুল খায়েরের পক্ষে প্রচারণার অংশ হিসেবে মেহেন্দিগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলনের উদ্যোগে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এই জনসভায় যোগ দিতে আগামীকাল মেহেন্দিগঞ্জে আসছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।
বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী আন্দোলন মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন গাজী। তিনি জানান, ৯ ফেব্রুয়ারি দুপুরে হেলিকপ্টারযোগে মেহেন্দিগঞ্জে পৌঁছাবেন চরমোনাই পীর রেজাউল করিম। এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত থাকবেন নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম।
৯ ফেব্রুয়ারি দুপুর ২টায় পাতারহাট মুক্তিযোদ্ধা পার্কে অনুষ্ঠিত হবে এই নির্বাচনী জনসভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন চরমোনাই পীর। আয়োজকদের প্রত্যাশা, সমাবেশে প্রায় ২০ হাজার নেতাকর্মী উপস্থিত থাকবেন।